হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা ইরানের, না মানলে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ কর্তৃত্ব পুনর্ব্যক্ত করে কঠোর নির্দেশনা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক ও সামরিক জাহাজকে ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দপ্তর স্পষ্ট করেছে যে, হরমুজ প্রণালির যাবতীয় ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন থেকে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে থাকবে।
বিবৃতিতে বলা হয়েছে, তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের বাণিজ্যিক ও অন্যান্য নৌযানকে অবশ্যই ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। এছাড়া, এই জলপথ পাড়ি দেওয়ার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ইরান সতর্ক করে বলেছে, ‘যদি কোনো জাহাজ এই বিধিনিষেধ লঙ্ঘন করে, তবে তাদের চলাচলের নিরাপত্তা বজায় রাখার দায়ভার ইরান নেবে না এবং তারা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।’
একই সঙ্গে ওই এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় বা সামুদ্রিক চলাচলে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ বরদাশত করা হবে না এবং এ ধরনের যেকোনো প্রচেষ্টার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অনড় অবস্থান পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তেহরানের চলমান দ্বন্দ্বে এটি এক নতুন মাত্রা যোগ করল।
মানবকণ্ঠ/আরআই




Comments