Image description

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) থেকে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। খুলে দেওয়া হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা এবং দেশের পুঁজিবাজার।

এবারের ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা সাত দিন কর্মব্যস্ততা থেকে দূরে ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ এই বিরতি কাটিয়ে সোমবার সকাল থেকেই কর্মস্থলে ফিরবেন লাখো চাকরিজীবী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত সময়সূচি অনুযায়ী কাজ শুরু হবে। ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও ফিরবে স্বাভাবিক লেনদেনের ব্যস্ততা। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত তালের লেনদেন শুরু হতে যাচ্ছে।

এদিকে, নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষেরা কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী হতে শুরু করেছেন। শনি ও রোববার সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী যাত্রীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর ফলে রাজধানীর প্রবেশপথ ও প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

তবে প্রতি বছরের অভিজ্ঞতায় দেখা যায়, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ কিছুটা কম থাকে। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমেই কাটে দিনের অনেকটা সময়। ব্যাংকগুলোতেও প্রথম দিন জরুরি প্রয়োজন ছাড়া গ্রাহকদের ভিড় কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহ গড়ানোর সঙ্গে সঙ্গেই প্রশাসনিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড পূর্ণ গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই