ইরান যুদ্ধে জড়ানো উচিৎ হয়নি ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত রাডার ও ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
তেহরানের আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ওয়াশিংটনের এই হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক্সে দেওয়া পোস্টে সেন্টকম জানায়, মার্কিন এমকিউ ওয়ান ড্রোন ভূপাতিতের জবাবে সপ্তাহান্তে এই হামলা চালানো হলো।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরান যুদ্ধ বন্ধে প্রস্তাবিত চুক্তির বেশ কয়েকটি শর্ত পরিবর্তনের চেষ্টা করেছেন বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম। তারা বলছে সংশোধনের মধ্যে রয়েছে, হরমুজ প্রণালি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ ইস্যু। অবশ্য প্রস্তাবিত চুক্তি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।
রোববার ইরানের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ গালিবাফ বলেছেন, ইরানের জনগণের অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি মেনে নেবে না তেহরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক বাগের গালিবাফ বলেন, ‘শত্রুপক্ষের প্রতিশ্রুতির ওপর আস্থা নেই আমাদের। আমরা কেবল বাস্তব ও স্পষ্ট ফল দেখার পরই নিজেদের প্রতিশ্রুতি পালন করব। ইরানি জনগণের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত হয়েছে, এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন চুক্তিতে সম্মতি দেব না।’
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে অবরুদ্ধ ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ মুক্তি দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।




Comments