Image description

দখলদার ইসরাইল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অব্যাহত হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। 

গোষ্ঠীটি ইসরাইলি সামরিক বাহিনীর একটি সুপরিচিত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার সফলভাবে ধ্বংস করেছে। সোমবার (১ জুন) সকালে হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন করা ইসরাইলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি শক্তিশালী ড্রোন ব্যবহার করে এই নিখুঁত হামলাটি পরিচালনা করা হয়েছে। 

ভিডিওতে হিজবুল্লাহর ড্রোনটিকে লেবানন-ইসরাইল সীমান্ত সংলগ্ন ওই ঘাঁটির ওপর দিয়ে উড়তে এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার পর সরাসরি আয়রন ডোমের লঞ্চারে আঘাত এনে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে দেখা যায়।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ সীমান্ত এলাকায় মোতায়েন করা ইসরাইলি আয়রন ডোম ব্যবস্থার ওপর হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এর ফলে তেল আবিব প্রশাসন হিজবুল্লাহর ছোঁড়া অন্যান্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা হারাচ্ছে। দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইল সীমান্তে দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে।