ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিজস্ব আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়: জয়সওয়াল
ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া বাংলাদেশ যত দ্রুত সম্ভব সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অবৈধ অভিবাসীদের সুষ্ঠু ও কার্যকর প্রত্যাবাসন নিশ্চিত করতে এই প্রক্রিয়া দ্রুততর হওয়া জরুরি।
শুক্রবার (৫ জুন) দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
তিনি বলেন, “অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। আমরা তালিকা বাংলাদেশের কাছে পাঠাই যাতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। পরিচয় নিশ্চিত হওয়ার পরই আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করি।”
জয়সওয়াল আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশের কাছে বেশ কিছু আবেদন পাঠানো হয়েছে। ভারত আশা করছে, এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে যাতে প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা যায়।
সীমান্ত দিয়ে বাংলাদেশে লোকজনকে ঠেলে পাঠানোর (পুশ-ইন) অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “ভারতে অবস্থানরত সকল বিদেশি নাগরিক—সে তারা বাংলাদেশি হোক বা অন্য দেশের—তাদের ক্ষেত্রে আমাদের নিজস্ব আইন রয়েছে। সেই আইন মেনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।”
এদিকে, গত মঙ্গলবার (২ জুন) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হন এবং অন্য দেশে অবস্থান করেন, তবে সংশ্লিষ্ট দেশ আনুষ্ঠানিকভাবে তালিকা পাঠালে আন্তর্জাতিক ও আইনি নিয়ম মেনে পরিচয় যাচাই ও প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি দাবি করেন, বর্তমানে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আবেদন সরকারের কাছে ঝুলে নেই।
মানবকণ্ঠ/ডিআর




Comments