লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টাইমস অব ইসরায়েল ও আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রোববার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরান অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হামলার পর ইসরায়েল সরকার দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে ৬ জুন লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। একই দিনে দক্ষিণ লেবাননেও পৃথক বিমান হামলায় এক ব্রিগেডিয়ার জেনারেলসহ কয়েকজন লেবানিজ সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন ও আগ্রাসন ইরান মেনে নেবে না। আজ রাতের অভিযান ছিল তার জবাব।”
তিনি আরও সতর্ক করে বলেন, “এটি কেবল একটি সতর্কবার্তা। আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তী জবাব আরও ব্যাপক হবে।”
অন্যদিকে ইরানের হামলার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।”
পাল্টাপাল্টি হুমকি ও সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল




Comments