কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বজ্রপাতে উত্তম গাঙ্গুলী (৪৭) নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত উত্তম গাঙ্গুলী ওই গ্রামের মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে পুরোহিতের দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে উত্তম গাঙ্গুলী কৃষিকাজ করতে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উত্তম গাঙ্গুলীর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকায় তিনি এলাকায় পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন।




Comments