মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিয়েছে। সোমবার (৮ জুন) সকালের দিকে মাত্র ২০ মিনিটের ব্যবধানে দখলদার ইসরায়েল লক্ষ্য করে দুই দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েলি সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরায়েল'-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ১০ মিনিটে ইরান প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এর ঠিক ২০ মিনিট পর, অর্থাৎ ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এবারের হামলাটি মূলত ইসরায়েলের মধ্যাঞ্চল এবং গুরুত্বপূর্ণ শহর বীরশেবা লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে।
এই হামলার সূত্রপাত হয় গত রোববার (৭ জুন) থেকে। সেদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এর প্রতিশোধ হিসেবে রোববার রাতেই উত্তর ইসরায়েলে ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
পরিস্থিতি আরও ঘোলাটে হয় আজ সোমবার ভোরে, যখন ইসরায়েল সরাসরি ইরানের রাজধানী তেহরান, ইসফাহানসহ তিনটি প্রধান শহরে পাল্টা বিমান হামলা চালায়। এরপর ইয়েমেনের হুতি গোষ্ঠীও এই লড়াইয়ে যোগ দিয়ে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সবশেষ, ইরানের এই দুই দফার শক্তিশালী হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
একের পর এক পাল্টা হামলার কারণে পুরো অঞ্চলে এখন যুদ্ধের সাইরেন বাজছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আহ্বান জানালেও পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মানবকন্ঠ/আরআই




Comments