যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে বিলম্বের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮৩.৪২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১.১২ ডলারে উঠেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে সমঝোতার ঘোষণা আসার পর সোমবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়। তখন ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে প্রায় ৮৩.৭০ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, সমঝোতা বাস্তবায়নের বিস্তারিত এখনো স্পষ্ট নয়। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এসব কারণেই তেলের বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। তার মতে, এতে তিনি নিজে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।
তবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও এর প্রভাব নিয়ে বাজারে এখনো সতর্কতা বজায় রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments