রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির প্রস্তুতি সম্পন্ন, যেকোনো দিন শুরু
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে হাইকোর্টের বিশেষ বেঞ্চে যেকোনো দিন এই মামলার শুনানি শুরু হতে পারে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানায়, বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এর আগে গত ৯ জুন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে পাঠানো হয়। ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালত নির্দেশ দেন, এই অর্থ ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন। অর্থদণ্ড পরিশোধ না হলে আসামিদের সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ ও জখম করা হয়েছিল। এছাড়া স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন না থাকায় দোষ স্বীকারকে স্বেচ্ছায় করা হয়েছে বলে বিবেচনা করা হয়। অপর আসামি স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতা ও পালাতে সহায়তার অভিযোগও প্রমাণিত হয়েছে বলে আদালত উল্লেখ করে।
মামলাটি এখন হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন ও আপিল শুনানির পর্যায়ে রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments