Image description

ইংলিশ চ্যানেলের কাছে যুক্তরাজ্যের জলসীমার নিকটে একটি ব্রিটিশ পতাকাবাহী ইয়টকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। এ ঘটনাকে ‘বেপরোয়া’ ও ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ‘ব্রাইট ফিউচার’ নামের ইয়টটি রুশ যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচ’-এর সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকিতে পড়েছিল বলে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের ভাষ্য অনুযায়ী, যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ায় সতর্কতামূলক গুলি ছোড়া হয় এবং ইয়টটিকে লক্ষ্যবস্তু করা হয়নি।

রাশিয়ার দাবি, ঘটনাটি আইল অফ উইট থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় ঘটে এবং এটি ছিল সংঘর্ষ এড়ানোর জন্য নেওয়া পদক্ষেপ।

অন্যদিকে ইয়টে থাকা ব্যক্তিরা রুশ দাবিকে প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের নৌযান কোনো সংঘর্ষের পথে ছিল না এবং ঘটনাটিকে তারা ‘মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে, পূর্ববর্তী কোনো সামুদ্রিক জব্দ অভিযানের সঙ্গে এর সম্পর্ক নেই।

জি-৭ সম্মেলনের ফাঁকে কিয়ার স্টারমার বলেন, রাশিয়ার এ ধরনের আচরণ ইউরোপজুড়ে চলমান উত্তেজনারই প্রতিফলন এবং পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ব্রিটিশ নৌবাহিনী ঘটনাস্থলে রুশ যুদ্ধজাহাজকে পর্যবেক্ষণ করছিল বলে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই