ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের মানুষের কাছে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে হতাশ হতে হবে না।
শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বকাপে গত রাতে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ইতিহাসে ১৯৩০ সালের প্রথম আসরের পর এবারই প্রথম টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মার্কিন দল।
এ প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “একটি গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং আমরা পরবর্তী পর্বে উঠে গেছি। তাই আমি পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে উৎসাহিত করতে চাই, যেন তারা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।”
তিনি আরও বলেন, “দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।”
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত মূলত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাফল্যের বিষয়টি তুলে ধরেন। দ্বিপক্ষীয় সম্পর্ক বা অন্যান্য কূটনৈতিক বিষয়ে তিনি কোনো বিস্তারিত মন্তব্য করেননি।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মালয়েশিয়া ও চীন সফরের আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। তবে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত এ বৈঠককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ‘রুটিন সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করেছেন।




Comments