চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা।
শনিবার (২০ জুন) ভোর ৫টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/২ এস এলাকার কাছ দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই পুশইনের চেষ্টা করে বলে জানা গেছে।
পুশইনের শিকার ২০ জনের মধ্যে ছিলেন ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু। তাদের দীর্ঘ সময় আন্তর্জাতিক শূন্যরেখায় বসিয়ে রাখা হয় বলে স্থানীয়রা জানান। পরে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে বিএসএফ তাদের ভারতের ভেতরে ৬০ গজ অভ্যন্তরে নিয়ে যায়।
পরবর্তীতে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বিজিবির চাপের মুখে দুপুর সোয়া ১২টার দিকে বিএসএফ পুশইনকৃত ২০ জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
স্থানীয়দের অভিযোগ, এসব মানুষকে গত ৬–৭ দিন ধরে ভারতের সুখদেবপুর সীমান্ত এলাকায় জড়ো করে রাখা হয়েছিল। এতে নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলেও দাবি করা হয়। এরপর শনিবার ভোরে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, “সিদ্ধান্ত অনুযায়ী সুখদেবপুর এলাকায় বিএসএফের মাধ্যমে ওই ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত নেওয়া হয়েছে। ফলে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে।”
তিনি আরও বলেন, বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের অবৈধ পুশইন মেনে নেওয়া হবে না।




Comments