ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুজি এলাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫১.৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও পাওয়া যায়নি। এছাড়া জাপানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানিয়েছেন, সরকার সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি।
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভূমিকম্পের পরপরই ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি তাদের বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে। বিশেষ করে টোকিও এবং শিন-আওমোরির মধ্যকার রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে মাঠে কাজ করে যাচ্ছে দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা দল।
মানবকণ্ঠ/আরআই




Comments