Image description

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে ২৮ জুন থেকে পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে এবার ভিসা আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের নির্ধারিত তারিখের আগের দিন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা থেকে পর্যটন ভিসার আবেদন করা যাবে।

যেভাবে আবেদন করবেন

আবেদনকারীদের প্রথমে ভারতের ভিসা আবেদন ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ফরম পূরণ করতে হবে। ফরম সঠিকভাবে পূরণের পর সেটি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়ম

পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনকারীরা সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করতে পারবেন।

শুধুমাত্র সফলভাবে ওয়েবফাইল আপলোড করা আবেদনকারীদের জন্য একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং চালু হবে।

সাইন-আপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে। এরপর ই-মেইল ও মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই সম্পন্ন করতে হবে। বিকেল সাড়ে ৪টার আগে সাইন-আপ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করে অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্ধারণ করবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে।

যেসব কাগজপত্র লাগবে

ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে প্রয়োজন হবে—

  • কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা।
  • পাসপোর্টের প্রয়োজনীয় পাতার ফটোকপি।
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি।
  • বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিলের কপি।
  • চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগপত্র বা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।
  • শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র।
  • ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স।
  • ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড অথবা পর্যাপ্ত অর্থের প্রমাণসহ ব্যাংক স্টেটমেন্ট।
  • অনলাইনে পূরণ করা ভিসা আবেদনপত্র ও আবেদন নম্বর।
  • পূর্বে ব্যবহৃত সব পাসপোর্ট।

ভিসা ফি কত?

পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ভিসা ফি নেই। তবে আবেদন প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে এ অর্থ জমা দিতে হবে।

পাসপোর্ট ফেরত পাওয়ার নিয়ম

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। এরপর নির্ধারিত কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

নতুন নিয়মে আবেদনকারীদের সময়মতো অনলাইন নিবন্ধন, সঠিক কাগজপত্র প্রস্তুত রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।