Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও তেহরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না এবং প্রয়োজনে আবারও দেশটিতে সামরিক অভিযান চালাবে ইসরায়েল।

মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলের ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি দাবি করেন, ‘ইরানের পরমাণু বোমা থেকে আমরা নিজেদের রক্ষা করেছি এবং আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট—তেহরানকে কখনোই পারমাণবিক শক্তিধর হতে দেওয়া হবে না।’

নেতানিয়াহুর এই কড়া মন্তব্য এমন এক সময়ে এলো, যখন গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক মাধ্যমে স্বাক্ষর করেন। দীর্ঘদিনের বৈরিতা কমিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটি কাঠামো তৈরি করাই ছিল এই সমঝোতার মূল উদ্দেশ্য।

এই সমঝোতা স্মারকের আওতায় সংঘাতের অবসান, দুই দেশের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিল, পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে শুরু থেকেই এই চুক্তির কড়া বিরোধিতা করে আসছে তেল আবিব। ইসরায়েলি প্রশাসনের দাবি, আলোচনার আড়ালে ইরান মূলত তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগেও ইসরায়েল কয়েক দফায় ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধা সত্ত্বেও তারা পুনরায় হামলার হুমকি দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই সর্বশেষ মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ বাড়িয়ে দিতে পারে।

মানবকণ্ঠ/ডিআর