Image description

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কর্মসূচি কাভার করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি ইরানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি জানান, ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত ধাপে ধাপে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমও পুরো আয়োজন নিবিড়ভাবে কাভার করবে। তার ভাষ্য, এটি শুধু একজন রাষ্ট্রীয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান নয়; বরং জাতীয় ঐক্য, সামাজিক সংহতি এবং ইরানের প্রতিরোধ সক্ষমতার প্রতীক হিসেবেও এ আয়োজনকে তুলে ধরা হবে।

এ উপলক্ষে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। পাশাপাশি ঐতিহাসিক এই মুহূর্ত সংরক্ষণের জন্য বিশেষ আলোকচিত্র কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জানাজার আনুষ্ঠানিকতা কয়েক দিনব্যাপী চলবে। এর মধ্যে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৭ জুলাই পবিত্র শহর কুমে, ৮ জুলাই ইরাকে এবং ৯ জুলাই মাশহাদে দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ ছাড়া ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফ শহরেও পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে ইরান।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

মানবকণ্ঠ/এসএস