Image description

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এ আগুন লাগে।

জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। বিশ্বের প্রায় ২০ শতাংশ স্পোর্টস জুতা এখানেই উৎপাদিত হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে এবং কয়েকজনকে ভবনের ছাদে আটকা পড়ে থাকতে দেখা যায়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে দুই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেন। তবে আহতের সংখ্যা এখনো জানানো হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলায় দাহ্য পদার্থ সংরক্ষণের স্থান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, ঘটনার পর কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করেছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল ভবনে আগুন লেগে ১৬৮ জনের মৃত্যুর পর চীনজুড়ে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।