কানাডার বনাঞ্চলের দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টোর আকাশ। এর প্রভাবে শহরটির বায়ুমান ভয়াবহভাবে অবনতি হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্বের শহরগুলোর মধ্যে টরন্টোর বাতাসের মান সবচেয়ে খারাপ অবস্থানে ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir)।
পরিস্থিতির অবনতি হওয়ায় টরন্টোর জন্য ‘অরেঞ্জ এয়ার কোয়ালিটি’ সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা।
জানা গেছে, উত্তর-পশ্চিম অন্টারিওর দাবানলের ধোঁয়া দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ায় পুরো গ্রেটার টরন্টো এরিয়া ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত অনেক এলাকায় নিম্নমানের বায়ু পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসে ধোঁয়ার পরিমাণ যত বাড়বে, স্বাস্থ্যঝুঁকিও তত বাড়বে। তাই অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান, খেলাধুলা ও ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে এসব কার্যক্রম অন্য সময়ে করারও আহ্বান জানানো হয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে বিশ্বের শহরগুলোর মধ্যে টরন্টোর বায়ুমান সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছায়। বিশেষজ্ঞরা বলছেন, শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের এ সময়ে বাড়তি সতর্ক থাকতে হবে।




Comments