গাজা উপত্যকার সীমান্তবর্তী এলাকাকে সাময়িকভাবে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে ইসরাইল। রোববার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।
ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, ডানপন্থি বসতিস্থাপনকারী সংগঠন নাহালা আয়োজিত একটি বড় মিছিলকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটি গাজা উপত্যকায় পুনরায় ইসরাইলি বসতি স্থাপনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।
প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত এলাকা গাজার উত্তরের ইয়াদ মরদেখাই থেকে পূর্বের রুট–২৩ হয়ে দক্ষিণের কেরেম শালোম পর্যন্ত বিস্তৃত।
ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাহালা সংগঠনের সদস্যরা অনুমতি ছাড়া গাজা উপত্যকায় প্রবেশের পরিকল্পনা করায় নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




Comments