Image description

ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ১৯ জুলাই বদলাপুর ইস্ট এলাকায় নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। নিহত হরে রাম কিশুনজি সিং (৩৫)-এর সঙ্গে শাড়ি কেনা নিয়ে স্ত্রী সুনীতাদেবী হরে রাম সিংয়ের (৩০) তীব্র বাকবিতণ্ডা হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সুনীতাদেবী প্রেশার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন।

ঘটনার পর এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে পুলিশকে জানান অভিযুক্ত। সেই তথ্যের ভিত্তিতে প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি উঠে আসে। এরপর নিহতের স্বজন ও বাড়ির মালিকের জিজ্ঞাসাবাদে সন্দেহের তীর স্ত্রীর দিকে যায়।

বদলাপুর ইস্ট থানার সিনিয়র ইন্সপেক্টর নিতিন পাতিল জানান, তদন্তের পর মঙ্গলবার (২১ জুলাই) সুনীতাদেবীকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি।