ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যেই সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সরকারি এক ঊর্ধ্বতন সূত্রের ভাষ্য, জনগণ সরকারের ওপর আস্থা রেখে ম্যান্ডেট দিয়েছে এবং সরকার সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে আটক করা হয়েছে এবং আরও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-সমর্থিত শিক্ষার্থী বিক্ষোভকারীরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।
এর আগে সংসদের দিকে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। এরপর আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোরও সমর্থন পায়।
এদিকে ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রধানমন্ত্রীর একটি ভিডিও পুনরায় শেয়ার করেছেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
২২ জুলাই বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখেন ধর্মেন্দ্র প্রধান। এর আগে ২৩ জুন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিজেপিকে ‘বিঘ্ন সৃষ্টিকারী উপাদানগুলোর বি-টিম’ বলে মন্তব্য করেন। তার দাবি, গণতান্ত্রিকভাবে প্রত্যাখ্যাত কিছু গোষ্ঠী ছদ্মবেশে শিক্ষাব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ভারতের অন্যতম বৃহৎ প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা নিটে প্রতি বছর ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর মে মাসের পরীক্ষা বাতিল করা হয়। পরে ২১ জুন পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সূত্র: এনডিটিভি




Comments