জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রাম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি নোটিশ জারি করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা টেলিগ্রাম ব্যবহার করে লোকবল নিয়োগ দিলেও তা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি তিনি।
রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (এফএসবি) বুধবার জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দুরভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধানও শুরু হয়েছে।
রাশিয়ায় জন্ম নেওয়া পাভেল দুরভ দীর্ঘদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে তার ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকত্ব রয়েছে। বিদেশে অবস্থান করেই তিনি টেলিগ্রামসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
রাশিয়ায় টেলিগ্রাম অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যম হলেও সাম্প্রতিক বছরগুলোতে প্ল্যাটফর্মটির সঙ্গে মস্কোর সম্পর্ক ক্রমেই তিক্ত হয়েছে। বিশেষ করে ইন্টারনেট নিয়ন্ত্রণে রাশিয়ার কড়াকড়ি বাড়ার সঙ্গে সঙ্গে টেলিগ্রামের ওপরও চাপ বৃদ্ধি পেয়েছে।
তবে রাশিয়ার জারি করা এই আন্তর্জাতিক গ্রেপ্তারি নোটিশের আইনগত কার্যকারিতা কতটা এবং অন্য দেশগুলো তা কার্যকর করবে কি না, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এর আগে ব্যবহারকারীদের তথ্য সরকারের কাছে হস্তান্তরের চাপ সৃষ্টি করতে টেলিগ্রামের কার্যক্রম সীমিত করার চেষ্টা করেছিল রাশিয়া। এমনকি দেশটির নাগরিকদের সরকারি বার্তা আদান-প্রদানের অ্যাপ ব্যবহারে উৎসাহ দিতে টেলিগ্রাম বন্ধের উদ্যোগও নেওয়া হয়েছিল।




Comments