Image description

পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন বয়কটকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে উত্তেজনা আরও বেড়েছে। সংঘর্ষের মধ্যেই আন্দোলনকারীরা তাদের ঘোষিত লংমার্চ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালাকোট শহরে জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)-এর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের পর পরিস্থিতি এখনও থমথমে। এদিকে মিরপুরেও বিক্ষোভের প্রভাব পড়েছে জনজীবনে। অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

কাশ্মীর প্রশাসনের দাবি, গত ৪৮ ঘণ্টা ধরে জেএএসির সশস্ত্র সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে জেএএসি দাবি করেছে, রাওয়ালাকোট ও মিরপুরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের ১৭ সদস্য নিহত হয়েছেন।

তবে স্থানীয় প্রশাসনের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, গত দুই দিনের সংঘর্ষে রেঞ্জার্সের একজন সদস্য নিহত হয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও চার সদস্য আহত হয়েছেন।

হতাহতের সংখ্যা নিয়ে উভয় পক্ষের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

রাওয়ালাকোট জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, শহরের দারিক এলাকায় জেএএসির বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন। সেখানে নিরাপত্তা বাহিনী তীব্র প্রতিরোধের মুখে পড়লেও বাস টার্মিনালের দিক থেকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের পিছু হটাতে সক্ষম হয়েছে।

তার দাবি, দারিক এলাকার চারটি নির্মাণাধীন ভবনে অবস্থান নিয়ে জেএএসির সশস্ত্র সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।