Image description

দেশজুড়ে অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে প্রতিটি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। ভার্চ্যুয়াল এ সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ, বিভিন্ন রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চ্যুয়ালি অংশ নেন।

এ সময় পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, অপরাধ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলাগুলোর নিবিড় তদন্ত সম্পন্ন করে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ মামলার অগ্রগতি, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্তের অগ্রগতি, বিচার কার্যক্রম এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।