৫৪ বছরেও শেষ হয়নি নাকশালা থেকে কালিদাসের রাস্তার নির্মাণ কাজ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নাকশালা থেকে কালিদাস পর্যন্ত সড়কটি দীর্ঘ ৫৪ বছর ধরে অবহেলিত। এই রাস্তাটি দিয়ে ১৪-১৫ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগে চলাচল করছেন। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা, পানি ও গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এই রাস্তাটি দিয়ে নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, বি এল এস চাষী উচ্চ বিদ্যালয়, বোয়ালী ডিগ্রী কলেজ, সবুজ বাংলা দাখিল মাদ্রাসা, কালিদাস খলিলুর রহমান কলেজ, কালিদাস উচ্চ বিদ্যালয় সহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা এ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসা করে। স্থানীয়দের অভিযোগ, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী শিক্ষার্থীরা। কাদা ও ভাঙাচোরা রাস্তার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না। একই সঙ্গে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
প্রতি মঙ্গলবার সপ্তাহে নাকশালা হাট, রবিবার ও বুধবার বোয়ালী হাট এবং বুধবার বিখ্যাত কালিদাস হাট বসে। এই রাস্তা দিয়েই লাংগুলিয়া,পাহাড় কাঞ্চনপুর, চাকলা পাড়া, দেওবাড়ি, বটতলা,বোয়ালী, বল্লাচালা, কালিদাস সহ নানা এলাকার লোকজন এই রাস্তাদিয়ে হাটে যায়।
এলাকার লোকজন জানায় ভোটের সময় বিভিন্ন দলের এমপি, জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু রাস্তাটির দুই পাশে ৪৫০০ মিটার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি যার কারণে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটির কাজ শেষ হলে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
এলাকাবাসী দ্রুত ৪৫০০ মিটার সড়কটির সংস্কার ও উন্নয়ন করতে মুক্তিযুদ্ধ মন্ত্রী এড.আহমেদ আযম খানের কাছে দাবি জানিয়েছেন।




Comments