সুদানের চলমান ‘মর্মান্তিক’ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও চতুর্দশ। একই সঙ্গে দেশটিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলাস প্রার্থনার পর দেওয়া বক্তব্যে পোপ লিও বলেন, বেসামরিক মানুষের জন্য মানবিক করিডোর নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আবারও আহ্বান জানাচ্ছেন।
বিশেষ করে সুদানের এল-ওবেইদ শহরের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন দেওয়ার আহ্বান জানান।
২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে। আধাসামরিক বাহিনীকে নিয়মিত সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে বিরোধ থেকেই এই সংঘাতের সূত্রপাত। দীর্ঘস্থায়ী যুদ্ধে এরই মধ্যে কয়েক হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, জুনের শেষ নাগাদ সুদানে প্রায় ৮৬ লাখ ৯০ হাজার মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বা বিদেশ থেকে নিজ এলাকায় ফিরে এসেছেন ৪৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করেন পোপ লিও। তিনি বলেন, সংঘাতের ‘মর্মান্তিক ঘটনাগুলো’ শুধু অব্যাহতই নেই, বরং আরও বাড়ছে। এর ফলে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
পোপ বলেন, চলমান সংঘাতে নিহতদের পরিবার, আহত ব্যক্তি এবং দুর্ভোগে থাকা সব মানুষের প্রতি তিনি সংহতি প্রকাশ করছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমআর




Comments