পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন।
যেভাবে ছড়াল মৃত্যুর গুজব
মার্কিনভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান ‘ইজ খান স্টিল উইথ আস’ এবং ‘হোয়াট হ্যাপেন্স আফটার খান’ শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর (জিএইচকিউ)-এর সঙ্গে সংশ্লিষ্ট তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলার দাবি করেন তিনি।
ওই কর্মকর্তাদের উদ্ধৃত করে সাংবাদিক ওয়াজাহাত বলেন, ইমরান খান জীবিত আছেন কি না, তা নিয়ে সেনাবাহিনীর ভেতরেও উদ্বেগ রয়েছে। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমরানের সমর্থকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়।
তবে পরে ওই সাংবাদিক নিজেই স্পষ্ট করেন, ইমরান খানের মৃত্যুর কোনো নিশ্চিত বা নথিভুক্ত প্রমাণ তার কাছে নেই। তার সূত্রগুলো মূলত ইমরানকে ঘিরে তথ্যের চরম গোপনীয়তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল।
গুজব উড়িয়ে দিল আইএসপিআর
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইএসপিআর আনুষ্ঠানিকভাবে ইমরান খানের মৃত্যুর খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়েছে।
বুশরা বিবির পরিবারের সদস্যদের দাবি, নিয়ন্ত্রিত কারা-সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের সিসিটিভি মনিটর দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজে হেঁটে চলাফেরা করতে দেখা গেছে।
স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
মৃত্যুর গুজব উড়িয়ে দেওয়া হলেও ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি। তার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত ও স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশের দাবি জানিয়ে আসছে পিটিআই।
দলটির নেতারা বলছেন, ইমরানের জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজব বা অনুমানের সুযোগ থাকা উচিত নয়। তারা তার ব্যক্তিগত চিকিৎসক, বোন ও আইনজীবীদের অবাধে সাক্ষাৎ এবং স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
পিটিআই নেতারা আরও সতর্ক করে বলেছেন, ইমরানের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না হলে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে তার সমর্থকদের রাওয়ালপিন্ডির দিকে মিছিল করার প্রস্তুতির কথাও বলা হয়েছে।
এদিকে পিটিআইয়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাৎ করে ইমরানের চিকিৎসাসুবিধা এবং কারাগারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসংক্রান্ত আবেদনের দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র: ফার্স্টপোস্ট
এসএস




Comments