কলকাতার নিউমার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন ‘স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি’।
মারকুইস স্ট্রিটের আবাসিক হোটেল, গেস্টহাউস ও ব্যবসায়ীদের নিয়ে গঠিত সংগঠনটি বৃহস্পতিবার (২০ আগস্ট) এ বৈঠকের আয়োজন করেছে।
বৈঠকে কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা জোরদারে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সম্প্রতি কলকাতার নিউমার্কেট চত্বরের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় কলকাতায় অবস্থানরত ও ভ্রমণে আসা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
‘স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি’র সম্পাদক আলী হায়দার বলেন, গত ২৫ বছর ধরে বাংলাদেশি নাগরিকদের নিয়মিত কলকাতায় যাতায়াত রয়েছে। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি।
তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা হলেও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া দরকার। বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, বৈঠকে তা নিয়ে আলোচনা হবে।
কলকাতার নিউমার্কেট ও আশপাশের এলাকা বাংলাদেশি নাগরিকদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। চিকিৎসা, কেনাকাটা ও ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে আসা অনেকে এ এলাকায় হোটেল ও গেস্টহাউসে অবস্থান করেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার সঙ্গে কলকাতার পর্যটন ও ব্যবসায়িক স্বার্থও জড়িত। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কলকাতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতেও তারা গুরুত্ব দিচ্ছেন।
এসএস




Comments