Image description

গত ২৬ আগস্ট ভোটকোদশী নদীর আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারানো মানুষের স্মরণে আজ সোমবার (৭সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করছে নেপাল। গত ৩ সেপ্টেম্বর মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আজ দেশের সব সরকারি অফিস এবং বিদেশে অবস্থিত নেপালের কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার ৯৯২ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত মরদেহের মধ্যে ৫৩০ জন পুরুষ, ৩২৮ জন নারী এবং বাকিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিকও রয়েছেন।

দুর্যোগকবলিত অঞ্চলে এখনো জোরেশোরে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে নেপাল পুলিশ, সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী। ইতোমধ্যে ৯ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ও মৃতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে।

সূত্র: দ্য হিমালয়ান
এমআর