গাড়ি চুরির হাত থেকে বাঁচাতে অভিনব এক উপায় বেছে নিয়েছেন ভারতের বিহারের গোপালগঞ্জের এক ব্যক্তি। নিজের শখের ‘মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক’ গাড়িটিকে চোরের নাগালের বাইরে রাখতে তিনি ক্রেনের সাহায্যে সেটিকে সরাসরি নিজের বাড়ির দোতলার ছাদে তুলে রেখেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বিশাল ক্রেনের সাহায্যে গাড়িটিকে ঝুলিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে দোতলা বাড়ির ছাদে নামানো হচ্ছে। এমন অদ্ভুত দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারাও তাজ্জব বনে গেছেন।
জানা গেছে, গাড়িটির মালিক মনোজ যাদব বর্তমানে ইসরায়েলে কর্মরত। প্রবাসে থাকার কারণে তিনি গাড়িটি দেখভালের জন্য একজন চালক নিয়োগ দিয়েছিলেন। কিন্তু হঠাৎ সেই চালক কাজ ছেড়ে চলে যাওয়ায় গাড়ির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তাঁর পরিবার। গ্যারেজ বা রাস্তায় রাখার চেয়ে বাড়ির ছাদকেই তারা সবচেয়ে নিরাপদ মনে করেন এবং শেষ পর্যন্ত ক্রেন ভাড়া করে গাড়িটি ওপরে তুলে ফেলেন।
বাড়ির ছাদ এত ভারী গাড়ির ওজন সইতে পারবে কি না কিংবা ভবিষ্যতে এটি কীভাবে নিচে নামানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে ‘ছাদের ওপর স্করপিও’ রাখার এই ঘটনাটি এখন অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ডিআর




Comments