যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের আলোচনার মাধ্যমে সমাধান চায় তেহরান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের আগে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পেজেশকিয়ান এ বার্তা দেন। বৈঠকে নৌপথে চলাচলের স্বাধীনতা, বাণিজ্য সুরক্ষা এবং নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেন মোদি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সব সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত, বৈঠকে ভারতের এই ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন মোদি। একই সঙ্গে অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অব্যাহত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ সংঘাতের মধ্যে ভারতকে ইরান, ইসরাইল ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এগোতে হচ্ছে। এ অঞ্চলের নৌপথে হামলার কারণে ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় অন্তত ১০ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই সপ্তাহের মধ্যে এটি মোদি ও পেজেশকিয়ানের দ্বিতীয় বৈঠক। এর আগে ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়েছিল। ওই বৈঠকেও পেজেশকিয়ান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আলোচনার মাধ্যমে সমাধান চায় তেহরান।
শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামে মোদি বলেন, সমুদ্রপথ নিরাপদ, সরবরাহের রুট উন্মুক্ত এবং নাবিকেরা নিরাপদ থাকলেই বৈশ্বিক বাণিজ্য এগিয়ে যেতে পারে।
একই অনুষ্ঠানে পেজেশকিয়ান ব্রিকস জোটের প্রতি এমন পরিবেশ তৈরির আহ্বান জানান, যেখানে কোনো দেশ অন্য দেশের বৈধ বাণিজ্য বাধাগ্রস্ত করতে না পারে। তিনি বলেন, অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য অর্থনৈতিক উপকরণের ক্রমবর্ধমান ব্যবহার অন্য দেশগুলোর বৈধ বাণিজ্যকে ঝুঁকির মধ্যে ফেলছে।
সূত্র: রয়টার্স
এবএ




Comments