ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম রেকর্ড পর্যায়ে উঠেছে। ইউরোপীয় কমিশনের ১৪ সেপ্টেম্বরের সর্বশেষ ‘উইকলি অয়েল বুলেটিন’ অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে পেট্রোলের গড় দাম প্রতি লিটার ২ দশমিক ০৬৩ ইউরো এবং ডিজেলের দাম ২ দশমিক ১৫৯ ইউরোতে পৌঁছেছে। দুই ধরনের জ্বালানির দামই কমিশনের ২০০৫ সাল থেকে সংরক্ষিত তথ্যের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউরোনিউজ জানিয়েছে, ইউরোপে জ্বালানির দাম বাড়ার পেছনে অপরিশোধিত তেলের সরবরাহ সংকটের পাশাপাশি পরিশোধন ব্যয় ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্নও ভূমিকা রাখছে। চলতি বছরের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নে পেট্রোলের গড় দাম প্রায় ২৯ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বরের হিসাবে ডেনমার্কে পেট্রোলের দাম সবচেয়ে বেশি—প্রতি লিটার ২ দশমিক ৫৬৪ ইউরো। ডিজেলের সর্বোচ্চ দাম ফিনল্যান্ডে, প্রতি লিটার ২ দশমিক ৫০৫ ইউরো। অন্যদিকে মাল্টায় পেট্রোল ও ডিজেলের দাম সবচেয়ে কম—যথাক্রমে ১ দশমিক ৩৪০ ও ১ দশমিক ২১০ ইউরো।
প্রধান কয়েকটি দেশে জ্বালানির দাম:
- নেদারল্যান্ডস: পেট্রোল ২.৪৩৪ ইউরো, ডিজেল ২.৪৯৪ ইউরো
- জার্মানি: পেট্রোল ২.৩৫৭ ইউরো, ডিজেল ২.৪২৬ ইউরো
- ফ্রান্স: পেট্রোল ২.১৭২ ইউরো, ডিজেল ২.২৯১ ইউরো
- ইতালি: পেট্রোল ২.০৮৪ ইউরো, ডিজেল ২.১৯১ ইউরো
- পর্তুগাল: পেট্রোল ২.০৭২ ইউরো, ডিজেল ২.১৫২ ইউরো
- অস্ট্রিয়া: পেট্রোল ১.৮৯৪ ইউরো, ডিজেল ২.১৯৭ ইউরো
- স্পেন: পেট্রোল ১.৮৬৭ ইউরো, ডিজেল ১.৮৩৪ ইউরো
- বেলজিয়াম: পেট্রোল ১.৯৭৬ ইউরো, ডিজেল ২.২৯০ ইউরো
- গ্রিস: পেট্রোল ২.১৫৮ ইউরো, ডিজেল ২.১২২ ইউরো
- পোল্যান্ড: পেট্রোল ১.৮২২ ইউরো, ডিজেল ২.০০৫ ইউরো।
ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে জ্বালানির দামের বড় অংশই কর, পরিশোধন ও বিতরণ ব্যয়ের সঙ্গে যুক্ত। ইউরো অঞ্চলে জুলাইয়ের হিসাবে মূল্য সংযোজন কর ও আবগারি শুল্ক মিলিয়ে পেট্রোলের খুচরা দামের প্রায় ৫২ শতাংশ এবং ডিজেলের প্রায় ৪৪ শতাংশের সমান ছিল।
এদিকে ফ্রান্সে ডিজেলের দাম ২১ সেপ্টেম্বর নতুন রেকর্ড গড়ে প্রতি লিটার ২ দশমিক ৪১ ইউরোতে পৌঁছেছে বলে এএফপির বিশ্লেষণের বরাত দিয়ে ইউরোনিউজ জানিয়েছে। জার্মানি, নেদারল্যান্ডসসহ ইউরোপের আরও কয়েকটি দেশেও জ্বালানির দাম রেকর্ড পর্যায়ে রয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ইউরোপে জ্বালানির দাম আরও কিছুদিন চড়া থাকতে পারে বলে বিশ্লেষকদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সূত্র: ইউরোনিউজ, এএফপি, ইউরোপীয় কমিশনের উইকলি অয়েল বুলেটিন
এনএ




Comments