Image description

সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন নিয়ে আলোচনার মধ্যে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদি আরবে অবস্থান করছে।

বুধবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সক্ষমতা ও ক্ষেত্রে পাকিস্তানি সেনারা আগে থেকেই সৌদি আরবে মোতায়েন রয়েছে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ কার্যকরের বিষয়ে আলোচনা এবং সৌদি আরবে সামরিক বাহিনী দ্রুত মোতায়েনের সিদ্ধান্তের পর তার এ বক্তব্য আসে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’ জরুরি বৈঠকে প্রস্তুতি বৃদ্ধি, সামরিক সমন্বয় এবং যৌথ সক্ষমতা জোরদারের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অনুমোদিত ব্যবস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুযায়ী মোতায়েন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

এনএ