Image description

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) কলম্বোর নিজ বাসভবন থেকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রীকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিশুদের হাসপাতালের অনুদানের অর্থ অপব্যবহার করা একটি দাতব্য সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ‘সিরিলিয়া সাভিয়া’ নামের ওই দাতব্য সংস্থাটি কলম্বোর লেডি রিজওয়ে চিলড্রেনস হসপিটালের জন্য বিশেষ একটি স্ক্যানার কেনার উদ্দেশ্যে ১ কোটি শ্রীলঙ্কান রুপি অনুদান সংগ্রহ করেছিল।

ওই অর্থের বিষয়ে শিরান্থিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, চীন সরকার এরই মধ্যে হাসপাতালটিকে এমন একটি স্ক্যানার অনুদান হিসেবে দিয়েছিল।

শিরান্থি রাজাপাকসে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই অর্থ আত্মসাৎ করা হয়নি। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের মুখপাত্র মনোজ গামাগেও বলেছেন, অর্থ সিরিলিয়ার অ্যাকাউন্টে নিরাপদে রয়েছে এবং কোনো জালিয়াতির ঘটনা ঘটেনি।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান শেষে গত সোমবার শ্রীলঙ্কায় ফেরেন শিরান্থি। গ্রেফতার এড়াতে তিনি আদালতে আবেদন করেছিলেন। তবে সেই আবেদনের শুনানি ১২ অক্টোবর নির্ধারিত ছিল।

মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় ব্যাপক বিক্ষোভের মুখে তার ভাই ও তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হন।

বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্নীতির তদন্ত পুনরায় শুরু করেছে। শিরান্থি ও মাহিন্দার বড় ছেলে নামাল রাজাপাকসেকে এ বছরের শুরুতে বিমান কেনার চুক্তি-সংক্রান্ত অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের আরেক ছেলে ইয়োশিতাকেও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এনএ