মধ্য আমেরিকার দেশ পানামায় ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)। ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
এর আগে গত শুক্রবার পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির মধ্যাঞ্চলের বিভিন্ন প্রদেশে শত শত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ ওই ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।
শুক্রবারের ভূমিকম্পের পর থেকে পানামায় ৩০০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। সর্বশেষ ৬ মাত্রার ভূমিকম্পটি এসব পরবর্তী কম্পনের মধ্যে অন্যতম শক্তিশালী।
পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নতুন ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আগের ভূমিকম্পে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ হিসাব এখনো করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা।




Comments