হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিবকে
‘চীনে উপযুক্ত শৌচাগার নেই’ মন্তব্যের পর সফরের আমন্ত্রণ বেইজিংয়ের
চীনে উপযুক্ত শৌচাগারের চরম অভাব রয়েছে—হোয়াইট হাউসের সদ্য বরখাস্ত হওয়া প্রেস সচিব কেটি জাকারিয়ার এমন বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছে বেইজিং। ওই বক্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কেটি জাকারিয়াকে আবার চীন সফর করে বর্তমান বাস্তব পরিস্থিতি স্বচক্ষে দেখার আহ্বান জানিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
সম্প্রতি মার্কিন পডকাস্টার জ্যাক পোসোবিকের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলার সময় জাকারিয়া দাবি করেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে বিশ্বজুড়ে চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক উত্থান নিয়ে ব্যাপক আলোচনা হলেও বাস্তবে দেশটির অবকাঠামো এখনো অনুন্নত এবং সেখানে উপযুক্ত টয়লেট সুবিধাই নেই।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, সুযোগ পেলেই কেটি জাকারিয়ার উচিত আরও বেশি করে চীন সফর করা, যাতে তিনি সেখানকার আধুনিক অগ্রগতি দেখতে পারেন।
চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ওয়েইবো’-তে এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনরা জাকারিয়ার বক্তব্যকে বোকা ও অজ্ঞতাপ্রসূত বলে আখ্যা দিলেও, অনেকেই স্বীকার করেছেন যে গত এক দশকে চীনের নগর অবকাঠামো ও পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন এসেছে।
জাকারিয়ার লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি ২০১১ সাল থেকে প্রায় দুই বছর বেইজিংয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনি প্রতিষ্ঠান ‘ঝোং লুন’-এ কর্মরত ছিলেন। তবে চীনের বিচার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী বিদেশী নাগরিকদের জন্য সেখানে প্র্যাকটিস লাইসেন্স পাওয়ার সুযোগ না থাকায়, জাকারিয়া কীভাবে আন্তর্জাতিক ট্রানজ্যাকশনাল আইনি কার্যক্রমে যুক্ত ছিলেন তা নিয়ে আইনি অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ দিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক পদ থেকে অব্যাহতির মুখোমুখি হন কেটি জাকারিয়া।
ডিআর




Comments