বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের মোট কর্মীর প্রায় ২ দশমিক ১ শতাংশ, অর্থাৎ ৪ হাজার ৮০০ জনকে চাকরি থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়বে প্রতিষ্ঠানটির গেমিং বিভাগ এক্সবক্সে।
প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় জানান, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি খাতে টিকে থাকতে এবং গ্রাহকদের আরও ভালো সেবা দিতে প্রতিষ্ঠানটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে এক্সবক্স থেকে তাৎক্ষণিকভাবে ১ হাজার ৬০০ জনের বেশি কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।
সম্প্রতি এক্সবক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব পাওয়া আশা শর্মা কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেন, এটি এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন কার্যক্রম। তার ভাষ্য, আগামী এক বছরের মধ্যে আরও ১ হাজার ৬০০ কর্মী চাকরি হারাতে পারেন।
এই পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্সের চারটি গেম নির্মাতা প্রতিষ্ঠান—কম্পালশন গেমস, ডাবল ফাইন প্রোডাকশন্স, নিনজা থিওরি এবং আনডেড ল্যাবস—কে মূল প্রতিষ্ঠান থেকে আলাদা করে দেওয়া হবে।
তবে আশা শর্মা বলেন, এই পরিবর্তনের লক্ষ্য এক্সবক্সকে ছোট করা নয়; বরং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, শুধু টিকে থাকার চিন্তা করলে কোনো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে সফল হতে পারে না।
অন্যদিকে অ্যামি কোলম্যান বলেন, প্রযুক্তি খাতের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া কোনো প্রতিষ্ঠানের বিকল্প নেই। তিনি আরও জানান, যেসব কর্মী চাকরি হারাবেন, তাদের জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সরাসরি কাজ করানো হবে না। তবে এআই মানুষের কাজের ধরনে বড় পরিবর্তন আনছে বলেও উল্লেখ করেন তিনি।
গেমিং খাতে চলমান সংকটের মধ্যেই মাইক্রোসফটের এই সিদ্ধান্ত এসেছে। এর আগে ২০২৪ সালেও এক্সবক্স ২ হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে বাদ দিয়েছিল। একই সময় কল অব ডিউটি নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পর কেনা চারটি গেম নির্মাতা প্রতিষ্ঠানও বন্ধ করে দেয় মাইক্রোসফট।




Comments