Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হ্যাকাররা অ্যাকাউন্টগুলো ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বা বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আদালত ও জিডি সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে প্রথম কারিগরি ত্রুটি দেখা দেয়। প্রাথমিকভাবে বিষয়টি সাধারণ সমস্যা মনে হলেও পরবর্তীতে ১৮ মার্চ তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। গত ২২ মার্চ মোবাইল ফোনটি পুরোপুরি ব্যবহারের অযোগ্য হয়ে পড়লে বিষয়টি নিয়ে আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার শরণাপন্ন হন তিনি।

বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, বিচারপতির মোবাইল ফোনে কোনো প্রতারণামূলক (ফিশিং) লিংক বা অননুমোদিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে ‘রিমোট কন্ট্রোল সফটওয়্যার’ প্রবেশ করানো হয়েছিল। এর মাধ্যমেই ডিভাইসটি হ্যাকারদের কবলে পড়ে। বর্তমানে ডিভাইসটি থেকে ক্ষতিকারক সফটওয়্যার সরিয়ে তা হ্যাকারমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া বিষয়টি জানিয়ে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হওয়ার ঘটনাটিকে সংবেদনশীল ও নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মানবকণ্ঠ/ডিআর