Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও মাসুদ হোসাইন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম ফাহিমকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আজ আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, তদন্ত কর্মকর্তার আবেদনে আসামির বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হলে আদালত তা গ্রহণ করেন।

এর আগে, গত ২৯ মার্চ বিকেলে মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে একদল শিক্ষার্থী ও সাধারণ জনতা ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং ৩০ মার্চ একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুলাই বিকেলে বছিলা র‍্যাব কোয়ার্টারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. মাসুদ হোসাইন। অভিযোগ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশের কিছু সদস্য আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। বিকেল সাড়ে ৩টার দিকে বছিলা ব্রিজের ঢালে গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন মাসুদ। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর মাসুদ হোসাইন বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৫ জনের নাম উল্লেখ করে আদালতে এই মামলাটি দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই আন্দোলনে সহিংসতা ও দমনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কনটেন্ট ক্রিয়েটরকে নতুন এই মামলায় গ্রেফতার দেখানো হলো।

মানবকণ্ঠ/আরআই