ধর্ম অবমাননা ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে করা মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি লাভ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সকালের দিকে একটি সাদা মাইক্রোবাসে করে তিনি কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই শিল্পী। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
মানবকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবুল সরকারকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেছিলেন। সেই মামলায় দীর্ঘ কয়েক মাস কারাভোগের পর তিনি আজ মুক্ত হলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments