Image description

আড়াই দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দায়ের করেন। এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে তিনি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশের কোনো জবাব না পাওয়ায় তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান।

রিট আবেদনে বলা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের ফলে দেশে এই রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই পরিবর্তনকে একটি ‘অশুভ অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর পেছনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

রিটে যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আরজি জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ ২৪ জন।

এছাড়াও রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া জরুরি, যাতে এই অবহেলার সঠিক বিচার নিশ্চিত করা যায়।

মানবকণ্ঠ/আরআই