Image description

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মূল অভিযুক্ত সোহেল রানা। বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে সে এই পৈশাচিক হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়। জবানবন্দি শেষে আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল জানায়, মঙ্গলবার (১৯ মে) সকালে শিশু রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না তাকে কৌশলে নিজেদের রুমে নিয়ে যায়। এরপর সোহেল শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণ করে। পাশবিক নির্যাতনে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তেই রামিসার মা তাদের দরজায় কড়া নাড়তে শুরু করলে সোহেল আতঙ্কিত হয়ে পড়ে। ধরা পড়ার ভয়ে সে অমানবিকভাবে রামিসার গলা কেটে হত্যা করে।

ঘাতক সোহেল আরও জানায়, মরদেহ গুম করার উদ্দেশ্যে সে ধারালো ছুরি দিয়ে রামিসার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং দুই হাত কাঁধ থেকে আংশিক কেটে ফেলে। এরপর মাথাটি একটি বালতিতে রেখে দেহটি শয়নকক্ষে খাটের নিচে লুকিয়ে রাখে। জবানবন্দিতে সোহেল স্বীকার করে যে, ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল। তবে শিশুটির পরিবারের সঙ্গে তার কোনো পূর্ব-শত্রুতা ছিল না।

এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোহেল রানাকে আদালতে হাজির করা হলে উৎসুক জনতা তার ওপর চরম ক্ষোভ প্রকাশ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান অভিযুক্তদের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ডের আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত সোহেলকে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তার স্ত্রী স্বপ্না আক্তারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের বর্ণনায় পুলিশ জানায়, নিহত রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সকালে সে নিখোঁজ হওয়ার পর তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে শয়নকক্ষে রামিসার মাথাবিহীন দেহ এবং অন্য একটি কক্ষে বালতির ভেতর তার বিচ্ছিন্ন মাথাটি পাওয়া যায়। ঘটনার পর সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মানবকণ্ঠ/আরআই