Image description

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তবে বাকি ছয়টি মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ওই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বর্তমানে দীপু মনির বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে। আজকের আদেশের ফলে একটি মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকায় এবং বাকি ছয় মামলায় রুল জারি হওয়ায় এখনই তাঁর কারামুক্তি ঘটছে না।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন তাঁর আইনজীবী, অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।

মানবকণ্ঠ/আরআই