ভারতের রাজধানী দিল্লির মালব্য নগর এলাকায় একটি পাঁচতলা আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে ‘মাইকাসা ইন’ নামের ওই হোটেলে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকায় প্রাণহানির সংখ্যা এত বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে হোটেলটির বেজমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া পুরো পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়ে। হোটেলের সংকীর্ণ গলি ও পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় ভেতরে থাকা অতিথিরা দিশেহারা হয়ে পড়েন।
দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে অংশ নেয় দুটি পানি ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক রেসপন্স ভেহিকেল। উদ্ধারকারীরা জানান, ঘটনার সময় হোটেলের ২৫টি কক্ষে বিদেশি নাগরিকসহ প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসার জন্য ভারত সফরে এসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, আগুনের হাত থেকে বাঁচতে এবং ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি এড়াতে বেশ কয়েকজন অতিথি ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। এতেও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দিল্লি পুলিশ জানিয়েছে, হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর ছিল কি না এবং আগুনের সঠিক কারণ কী, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় পুরো মালব্য নগর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments