জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ২২ জুন এ মামলার রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে গত ১৪ মে মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, নিজ নির্বাচনি এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা, আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ।
আজ ঘোষিত রায়ের মাধ্যমে আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটবে।




Comments