Image description

বরিশালের উজিরপুরে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ‘শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল’-এর বিচারক মো. আশরাফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ও আসামি একই বাড়ির বাসিন্দা। ভুক্তভোগীর বাবা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী আলমগীর ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করতেন। এতে ওই শিক্ষার্থী একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আলমগীর ওই ছাত্রীকে জোরপূর্বক বাড়ির পেছনের একটি বাগানে নিয়ে পুনরায় ধর্ষণ করেন।

পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তার বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আজ আসামিকে সর্বোচ্চ সাজা প্রদানের আদেশ দেন।

মানবকণ্ঠ/ডিআর