Image description

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মকর্তা বা কর্মচারী স্বেচ্ছায় পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গত ৯ জুলাই প্রকাশিত ২৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এ সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরা হয়েছে। রায়টি লিখেছেন বিচারপতি ফারাহ মাহবুব। এর আগে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।

রায়ে বলা হয়েছে, আইনসভা যৌক্তিক বিবেচনায় এমন বিধান করেছে যে সরকারি চাকরিতে ২৫ বছরের চাকরিকাল পূর্ণ হওয়ার আগে কেউ পদত্যাগ করলে তিনি পেনশন বা এ-সংক্রান্ত সুবিধা পাওয়ার অধিকারী হবেন না।

মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে অতিরিক্ত জেলা জজ পদে থাকা অবস্থায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে চাকরির মেয়াদের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক চেয়ে ২০১৫ সালে আইন মন্ত্রণালয়ে আবেদন করেন।

তবে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে পূর্ববর্তী চাকরিকাল পেনশনের জন্য গণ্য হয় না। পাশাপাশি ২৫ বছরের চাকরিকাল পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের যোগ্য নন।

এর পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে সংশ্লিষ্ট বিধান ও সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মাহবুব মোরশেদ। ২০২১ সালে হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিয়ে চাকরির মেয়াদ অনুযায়ী পেনশন ও অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেন।

পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে জানিয়ে দেন, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে পেনশন সুবিধা প্রাপ্য হবে না।