বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় অন্তত ৮৫ জন সাপের কামড়ের শিকার হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বিষধর সাপে কামড় দেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং তারা সবাই শঙ্কামুক্ত।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বন্যার পানিতে সাপের আবাসস্থল নষ্ট হওয়ায় সেগুলো আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে চলে আসছে। ফলে সাপে কামড়ানোর ঘটনা বেড়েছে।
তিনি বলেন, এখন পর্যন্ত শনাক্ত হওয়া ৮৫ জনের মধ্যে তিনজনকে বিষধর সাপ কামড়েছে। বাকিদের কামড়েছে বিষহীন সাপ, তাই তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখা হয়েছে। একই সঙ্গে সাপের উপদ্রবের কারণে সবাইকে সতর্ক থাকার এবং সাপে কামড়ালে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।




Comments