Image description

ভারতের কর্ণাটকের পরিবহণমন্ত্রী পরিচয় গোপন করে সাধারণ যাত্রীর বেশে গণপরিবহনের সেবার মান যাচাই করতে গিয়ে বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ভাড়া দেওয়ার সময় খুচরা টাকা না থাকায় এক বাসের কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা বেঙ্গালুরুর ১০টিরও বেশি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে সাধারণ যাত্রীর মতো ভ্রমণ করেন কর্ণাটকের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশ। তার উদ্দেশ্য ছিল যাত্রীদের প্রতিদিনের ভোগান্তি ও সেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করা।

পরিদর্শনের সময় তিনি বিভিন্ন অনিয়ম দেখতে পান। একটি বাসে এক যাত্রী নামার সংকেত দিলেও চালক নির্ধারিত স্টপেজে বাস না থামিয়ে চলে যান। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ ছাড়া হেব্বাল–নাগাশেট্টিহাল্লি রুটের একটি বাসে টিকিট কাটতে গিয়ে তিনি কন্ডাক্টরের হাতে ১০০ রুপির নোট দেন। খুচরা টাকা না থাকার অজুহাতে কন্ডাক্টর তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন। পরে তার পরিচয় প্রকাশ হলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অভিযানের সময় একটি অটোরিকশার ভাড়া নিয়ে চালক ও যাত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনাতেও হস্তক্ষেপ করেন মন্ত্রী। অভিযোগ ছিল, মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক যাত্রীর কাছে ৩৬ রুপি দাবি করেন।

অভিযান শেষে বাইরাথি সুরেশ বলেন, গণপরিবহনে জবাবদিহিতা নিশ্চিত করা, কর্মীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বেঙ্গালুরুজুড়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত চালিয়ে যাওয়া হবে।